মায়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি, অবশেষে টেকনাফের কিশোর উদ্ধার
আটক ৪ মানবপাচারকারী, মুক্তিপণ নিয়েও ছাড়েনি চক্র
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার এক কিশোরকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি করে রেখেছিল মানবপাচারকারীরা। বয়স কম হওয়ায় তাকে পরে টেকনাফে ফিরিয়ে এনে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায় চক্রটি। অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ওই কিশোর, গ্রেপ্তার হয়েছে চার পাচারকারী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর দরগাপাড়া এলাকায় নুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অপহৃত কিশোর জুবায়ের (১৭)–কে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থে
কে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ–এর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল দরগাছড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে জুবায়েরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া জুবায়ের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার নুরুল ইসলাম (৫০) ও ছিদ্দিক আহাম্মদ (৫৪), উভয়ের পিতা মৃত কাদের আলী; একই এলাকার মৃত আব্দু সালামের ছেলে আব্দুল্লাহ (২৫); এবং উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (ব্লক এফ-১৭) এলাকার আলী আকবরের ছেলে হামিদ উল্লাহ (১৯)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন সংগ্রহ করে অবৈধ পথে বিদেশে পাচার এবং মুক্তিপণ আদায় করে আসছিল। প্রায় দুই মাস আগে জুবায়েরকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে ৫০ দিন আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ আরও জানায়, ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে দাবিকৃত ৪০ হাজার টাকা পরিশোধ করলেও তাকে মুক্তি না দিয়ে আরও বড় অঙ্কের টাকা দাবি করতে থাকে চক্রটি। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
অভিযানকালে অপহরণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবপাচার ও অপহরণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/তুরাগ



