যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
যশোর প্রতিনিধি : সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দেওয়া, গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আলোচনা সভা শেষে শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একডেমিক ভবনের সামনে দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন প্রদিক্ষণ করে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, শিক্ষার্থীদের গ্রন্থাগার বিষয়ে সচেতন করতে নানামুখী কর্মসূচি নিতে যাচ্ছে যবিপ্রবি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে। কেন্দ্রীয় গ্রন্থাগার একাডেমিক কারিকুলাম অনুযায়ী সাজাতে হবে।
শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে, শিক্ষার মান বাড়াতে এর বিকল্প নেই। গ্রন্থাগারে বই ক্রয়ের ক্ষেত্রে বই বাছাইকরণ, বই সংগ্রহ যদি আমরা একাডেমিক কারিকুলাম অনুযায়ী করতে পারি শিক্ষার্থীরা লাইব্রেরি মুখী হবে। খুব শীঘ্রই শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।
আলোচনা পর্বে যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নূর আলম, এনএফটি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মো. মেহেদী হাসান। ২০১৮ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ছুটির কারণে আজ কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়।
বিআলো/আমিনা



