যুক্তরাষ্ট্রে মাদক পাচারকারী দেশে হামলার হুমকি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারে জড়িত যেকোনও দেশ হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে মন্ত্রিসভা বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, কোনও দেশ যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার করলে সেই দেশ হামলার শিকার হতে পারে। এ প্রসঙ্গে ট্রাম্প কলম্বিয়া থেকে কোকেন পাচারের বিষয়টি উল্লেখ করেন। তার বক্তব্যের পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা সতর্কবার্তা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তার দেশ ক্ষেপণাস্ত্র ছাড়াই প্রতি ৪০ মিনিটে একটি করে মাদক প্রস্তুতকারক ল্যাবরেটরি ধ্বংস করছে। আর এটি লাতিন আমেরিকায় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
বিগত মাসগুলোতে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদকবাহী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আর ভেনেজুয়েলা হচ্ছে কলম্বিয়ার সীমান্তবর্তী দেশ।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ মাদক সরবরাহে মাদুরোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। মাদক পাচারের অভিযোগে ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোরও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প সাংবাদিকদের আরও জানান, “শুধু ভেনেজুয়েলা নয়, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার করে এমন যেকোনও দেশই স্থল হামলার মুখে পড়তে পারে।”
তিনি বলেন, “আমি শুনেছি কলম্বিয়ায় কোকেন উৎপন্ন হয়, সেখানে কোকেন তৈরির কারখানা আছে, আর তারা সেই কোকেন আমাদের কাছে বিক্রি করে।” বিপরীতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় থাকা কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে তাদের মাদকবিরোধী অভিযানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি সার্বভৌমত্বে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছেন, “আমাদের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবেন না। আমাদের সার্বভৌমত্বে হামলা মানে যুদ্ধ ঘোষণার সামিল।
বিআলো/ঊর্মি



