রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে আগুন, দুশ্চিন্তায় পরিবারগুলো
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের আগুনে ২৫টি বসতঘর এবং একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়ে যায়, যা শতাধিক মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে বিপর্যস্ত করে দিয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, রাত ৩টার দিকে ক্যাম্প-১১ এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে উখিয়া থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া কক্সবাজার ও রামু থেকে আরও তিনটি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, প্রাথমিকভাবে ২৫টি বসতঘর এবং একটি এনজিও অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়; ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন অত্যন্ত দুর্দশার মধ্যে রয়েছে। প্রশাসন এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেছে। ঘটনার সম্পূর্ণ তদন্ত ও ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিআলো/তুরাগ



