শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু, কমনওয়েলথ ও ইইউ পর্যবেক্ষকরা
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শুরুটা শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শনের পর ইতিবাচক মন্তব্য করেছেন কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন এবং ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য স্থানেও একই পরিবেশ বজায় থাকবে।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ দিন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে ইইউ।
সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটারদের উপস্থিতি দেখা যায় বিভিন্ন কেন্দ্রে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোট হচ্ছে। এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা মাঠে রয়েছেন। তারা ভোটের পরিবেশ, অংশগ্রহণ ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
বিআলো/শিলি



