শ্রীপুরে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই স্লোগানে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক বাংলাদেশের আলোর শ্রীপুর প্রতিনিধি আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানি।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে দৈনিক বাংলাদেশের আলো গণমানুষের কথা বলে আসছে। দেশের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা পেশাগত ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শ্রীপুরের উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সাধারাণ সম্পাদক এম রুহুল আমীন (সংবাদ), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারাণ সম্পাদক মাসুদ রানা (খবর সংযোগ), হোসাইন আলী বাবু (স্টার নিউজ), এমদাদুল হক (ভোরের দর্পণ), আশরাফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), এস এম জহিরুল ইসলাম (আমার দেশ), আবু সাঈদ (বাংলাদেশ বেতার), সাদেক মিয়া (আওয়ার বাংলাদেশ)।
শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছাসহ দীর্ঘ পথচলার সফলতা কামনা করেন। পরে বাংলাদেশের আলোর লোগো লেখা কেক কেটে পত্রিকাটির অগ্রযাত্রার ১৭ বছর উদযাপন করেন।
বিআলো/আমিনা



