“সবার আগে বাংলাদেশ”—স্লোগানে সিরাজগঞ্জে মালিক-শ্রমিকদের সঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: “সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সভাপতি আলামিন চৌধুরী পলাশ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,
“বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আর কোনো মানুষ গুম হবে না। জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যার প্রকৃত মালিক হবে জনগণ।”
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রমালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা শ্রমিকদল হিসেবে অনেকদিন ধরে আমার সঙ্গে আছেন, আগামীতেও থাকবেন। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মানুষের কাছে যাবেন—এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।”
এ সময় তিনি একটি দলের সমালোচনা করে বলেন, “একটি দল মানুষকে বড় ধরনের ধোঁকা দিচ্ছে। দাড়ি-পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট মিলবে—এমন কথা বলছে। নাউজুবিল্লাহ। এদের থেকে আপনারা দূরে থাকবেন এবং মানুষকে সতর্ক করবেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ, সহ-প্রকাশনা সম্পাদক শামসুল আলম, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, প্রচার সম্পাদক রবিউল আওয়াল রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সুমন, সিএনজি শ্রমিক ইউনিয়নের মো. জাহিদুল ইসলাম লিটন, সিএনজি মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মো. হাতেম শেখ, সহ-সভাপতি মো. রুবেল শেখ, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক জনি সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



