সৈয়দপুরে নগদ টাকাসহ জামায়াত নেতা গ্রেফতার
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধারসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলটির দাবি, উদ্ধার হওয়া অর্থ নির্বাচনী নয়, ব্যক্তিগত ব্যবসার টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। বিমানবন্দর ত্যাগের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকার কথা তিনি স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আটক ব্যক্তিকে প্রথমে সৈয়দপুর থানায় নেওয়া হয়, পরে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আটক বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলীয় মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিকভাবে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। তার ভাষ্য, উদ্ধার হওয়া অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসাসংক্রান্ত লেনদেনের টাকা। এ বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির অবস্থান স্পষ্ট করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন এমন ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিআলো/শিলি



