হোমনা–তিতাসবাসীর প্রতি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আঃ মতিন খানের আকুল আবেদন
নিজস্ব প্রতিবেদক: নিজ এলাকা ও মানুষের উন্নয়নের অঙ্গীকার নিয়ে হোমনা–তিতাসবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আঃ মতিন খান। আবেগ, বিশ্বাস ও দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এলাকাবাসীর কাছে সমর্থন প্রত্যাশা করেছেন, তুলে ধরেছেন নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
এক নির্বাচনী বক্তব্যে ইঞ্জিনিয়ার আঃ মতিন খান বলেন, তিনি হোমনা–তিতাস উপজেলারই সন্তান এবং এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “এই মাটি আমার পরিচয়, এই মানুষই আমার সাহস। আপনাদের কষ্ট আমি বুঝি, আপনাদের স্বপ্ন আমি লালন করি।”
নিজের লক্ষ্য ও দর্শনের কথা তুলে ধরে তিনি জানান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। তার ভাষায়, রাজনীতি তার কাছে ক্ষমতা অর্জনের পথ নয়; বরং এটি মানুষের সেবার একটি দায়িত্ব মাত্র।
এ সময় তিনি হোমনা–তিতাস আসনের ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়ন, শান্তি ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে ‘তালা’ প্রতীকে ভোট দিয়ে তাকে কাজ করার সুযোগ দিতে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ যদি তার ওপর আস্থা রাখে, তবে তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন।
বক্তব্যের শেষাংশে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই হোমনা–তিতাস আসনকে নতুন আশার আলোয় আলোকিত করা সম্ভব।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আঃ মতিন খান সাবেক সচিব এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও জনসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবার নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন।
বিআলো/তুরাগ



